যাত্রীবেশে অপহরণ, ব্যাংক কর্মকর্তাকে হাতুড়িপেটা করে আদায় লাখ টাকা

প্রাইভেটকারে তুলে মারধর ও হাতুড়িপেটার পর স্বজনদের কাছ থেকে বিকাশে এক লাখ টাকা আদায়; আহত অবস্থায় মহাসড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা।

টুইট প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রী সেজে প্রাইভেটকারে তুলে মিডল্যান্ড ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জিম্মি করে স্বজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে এক লাখ টাকা আদায় করে দুর্বৃত্তরা। টাকা পাওয়ার পর তাকে আহত অবস্থায় ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফেলে রেখে যায় তারা।

সোমবার (২ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সোনাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাংক কর্মকর্তা বাহাউদ্দিন শেখ (৩৪) বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বাহাউদ্দিন শেখ ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার বাসিন্দা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর শাখায় মিডল্যান্ড ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত।

হাসপাতালে চিকিৎসাধীন বাহাউদ্দিন জানান, সোমবার সকাল সোয়া ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার জন্য ভাঙ্গা পৌরসভার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তার সামনে দাঁড়ায়। গাড়ির চালক তাকে যাত্রী হিসেবে যাওয়ার প্রস্তাব দেন। গাড়িতে থাকা আরও তিনজন নিজেদের যাত্রী পরিচয় দেন।

তিনি গাড়িতে ওঠার দেড় থেকে দুই মিনিটের মধ্যেই দুর্বৃত্তরা তার মুখ বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে তাকে স্বজনদের কাছ থেকে টাকা আনতে চাপ দেয় অপহরণকারীরা।

বাহাউদ্দিনের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারটি প্রথমে ঢাকার দিকে কিছু দূর যাওয়ার পর আবার ভাঙ্গা হয়ে ফরিদপুরের দিকে রওনা হয়। এ সময় গ্রামের কাঁচা সড়ক দিয়েও গাড়িটি চলাচল করে। স্বজনদের কাছ থেকে দুর্বৃত্তদের দেওয়া বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর পর তাকে প্রায় অচেতন অবস্থায় মহাসড়কের পাশে ফেলে রেখে যায় তারা। যাওয়ার সময় তার ব্যবহৃত মুঠোফোনের সিমকার্ডও নিয়ে যায় দুর্বৃত্তরা।

বাহাউদ্দিনের চাচাতো ভাই সোহাগ শেখ জানান, তাকে জিম্মি করে স্বজনদের কাছে ফোন দেওয়া হয়েছিল। পরে তারা এক লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আখতারুজ্জামান জানান, বাহাউদ্দিনের বুক, হাত ও পায়ে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তাকে হাতুড়ি দিয়ে পেটানো হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মৌখিক অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।