এক লাফে সোনার দাম বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, অপরিবর্তিত রূপার দাম
টুইট ডেস্ক : দেশের বাজারে টানা দুই দফা দাম কমার পর আবারও বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে সোনার নতুন দাম ঘোষণা করা হয়। এদিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
এর আগে গত ৩১ অক্টোবর টানা দ্বিতীয় দফায় সোনার দাম কমিয়েছিল বাজুস। ওই সময় প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। মাত্র দুই দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
অন্যদিকে সোনার দাম বাড়লেও দেশের বাজারে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২ হাজার ২১৬ টাকা।
প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, সোনা ও রূপার এসব দামে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত রয়েছে।
সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হলো। বিশেষ করে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য সোনার অলংকার কেনার পরিকল্পনায় থাকা ক্রেতাদের ব্যয় বাড়বে।






