বান্দরবানে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব মেলা; তরুণ উদ্যোক্তাদের মাঝে আড়াই লাখ টাকার ঋণের চেক বিতরণ
বান্দরবান প্রতিনিধি: ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব মেলাসহ নানা আয়োজনে বান্দরবানে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) বান্দরবান শহরের বালাঘাটায় যুব ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তরের সমন্বয় কমিটির আহ্বায়ক অংজাই উই চাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জেলা জামায়াতের আমির এসএম আব্দুস সালাম আজাদ, বান্দরবান ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিন, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ও বিএনপি নেতা মো. আবু তাহের।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বান্দরবান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এনায়েত করিম। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের ডিপিসি মোখলেসুর রহমান, বালাঘাটা ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, যুব সংগঠক এবং তরুণ-তরুণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বান্দরবান সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুবু প্রু মারমা।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পাশাপাশি যুব মেলায় তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন সুযোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তরুণ উদ্যোক্তাদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ এবং তিনটি যুব সংগঠনের নিবন্ধন সনদ প্রদান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ এবং দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তরুণদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।






