পতিত ও নব্য—দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে: নাহিদ ইসলাম

শাহবাগে চার দফা দাবিতে গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য; দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে সরকারের সমালোচনা

টুইট ডেস্ক:হাজারো মানুষের রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয়েছে। তবে দেশে আবারও নতুন স্বৈরাচারের উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পতিত স্বৈরাচার ও নব্য স্বৈরাচার—দুই স্বৈরাচারকেই পরাজিত করা হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, চার দফা দাবি নিয়ে তাঁরা শাহবাগে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। গত এক সপ্তাহ ধরে দলের নেতারা রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের সমস্যার কথা শুনেছেন।

তিনি বলেন, মানুষের বাসাবাড়িতে গ্যাস নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। সন্ত্রাস, রাহাজানি ও নিরাপত্তাহীনতায় দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাই ভোগান্তিতে রয়েছেন। বিদ্যুৎ ও গ্যাসের সংকটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণের অভিযোগও তোলেন তিনি।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। জনগণকে নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই ব্যর্থতার দায় সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ওপর বর্তায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পরিবর্তে তিনি সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত রয়েছেন।

সমাবেশে নাহিদ ইসলাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।