প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্বিত উড্ডয়ন

স্পয়লারের ত্রুটির সংকেত পাওয়ার পর উড্ডয়ন বাতিল করেন পাইলট; জাপানের নারিতা বিমানবন্দরে মেরামতের কাজ চলছে।

টুইট প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে দেশে ফেরার পথে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। ত্রুটির কারণে ফ্লাইট বিজি-৩৭৭-এর উড্ডয়ন বিলম্বিত হচ্ছে। বর্তমানে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটির ত্রুটি সারানোর কাজ চলছে। এ ঘটনায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ জানান, উড়োজাহাজটির ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, প্রকৌশলী সাদেকুল ইসলাম ভূঁইয়া ও মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি শনাক্ত ও মেরামতের চেষ্টা করছে।

রানওয়ের পথে ত্রুটি শনাক্ত

ফ্লাইটের এক যাত্রীর বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহনকারী বিজি-৩৭৭ উড়োজাহাজটির নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যাত্রীদের উড়োজাহাজে ওঠার পর সেটিকে টার্মিনাল থেকে পেছনের দিকে সরিয়ে নেওয়া হয়।

পরে রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। এরপর বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।

চার দিনের জাপান সফর শেষে ফেরার কথা

চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন।

এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব আলোচনায় বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।

সফরের অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

উড়োজাহাজটির ত্রুটি মেরামত ও পুনরায় উড্ডয়নের বিষয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষা করছে সংশ্লিষ্টরা। তবে প্রধানমন্ত্রীর দেশে ফেরার সংশোধিত সময়সূচি সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।