গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা নরওয়ের ডেপুটি মেয়রের

ছবি: রাসিক

রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ; শিক্ষা, স্বাস্থ্যসেবা, নগর উন্নয়ন ও এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: গ্রিন ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড। নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ প্রশংসা করেন।

নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পায়। এসব ক্ষেত্রে দুই শহরের মধ্যে সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা। একই সঙ্গে দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল (Oda Oline Omadal), ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে (Dag Qyulfvige), ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের জ্যেষ্ঠ উপদেষ্টা জন আইনার কোভাম (John Einar Kvam), স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস (Qystein Melhus Venas), স্ট্রমী ফাউন্ডেশনের জ্যেষ্ঠ উপদেষ্টা ও এশিয়া কর্মসূচির ব্যবস্থাপক ক্রিস্টিয়ান নিউম্যান (Christian Neumann), স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ রাসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।