ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপির প্রার্থী ফয়সল আমিন

টুইট ডেস্ক : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোট দেন তিনি।

ভোট দেওয়ার আগে শহরের সেনুয়া পুরাতন গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন মির্জা ফয়সল আমিন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লীতে ৩৯টি কেন্দ্র রয়েছে। নির্বাচন ঘিরে কেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল আমিন ছাড়াও জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক প্রতিদ্বন্দ্বিতা করছেন।