জনগণের আস্থা অর্জন করে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সারদায় পুলিশ একাডেমির প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে সততা, দক্ষতা ও পক্ষপাতহীন সেবার ওপর গুরুত্বারোপ

টুইট ডেস্ক : জনগণের প্রত্যাশা পূরণে সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সেবা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। এ ছাড়া শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাঠপর্যায়ের কার্যক্রমে সাইফুল ইসলাম এবং নিশানাবাজিতে মো. আসাদুজ্জামান।

অন্যদিকে, ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক ব্যাচে শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শিক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন মো. বোরহানুল ইসলাম, মাঠপর্যায়ের কার্যক্রমে দেওয়ান গোলাম রসুল এবং নিশানাবাজিতে মো. কামাল গনি।

ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ সার্জেন্টরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। অন্যদিকে, ক্যাডেট উপপরিদর্শকেরা প্রশিক্ষণ শেষে শিক্ষানবিশ উপপরিদর্শক হিসেবে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাইনুল হাসান। এ সময় রাজনৈতিক, সামরিক ও বেসামরিক পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।