দুর্গাপুরে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানালেন নেতারা, মিছিলে অংশ নেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলায় হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দুর্গাপুর উপজেলা ধানহাটা মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মু. নূরুজ্জামান লিটন।
বক্তব্যে মু. নূরুজ্জামান লিটন ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনার কথা তুলে ধরেন। তিনি ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান। পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শামীম উদ্দিন, দুর্গাপুর পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মো. নূর আলম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক মো. ফজলুল বারী সোহরাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দুর্গাপুর উপজেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি মো. মুক্তাদির মাহমুদ।
এ ছাড়া দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশ থেকে বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।






