মাদক কারবারি ও দুর্নীতিবাজদের ছাড় নয়: এমপি মিলন

কৃষিজমিতে পুকুর খনন বন্ধ, ফ্যামিলি কার্ডের তথ্য নির্ভুলভাবে সংগ্রহের নির্দেশ!
নিজস্ব প্রতিবেদক: মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহীর পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। একই সঙ্গে মাদকের চেয়ে দুর্নীতিকে সমাজের বড় ব্যাধি হিসেবে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মাদকের ভয়াবহতা তুলে ধরে এমপি মিলন বলেন, মাদকের কারণে সন্তানদের হাতে মা-বাবা হত্যার মতো হৃদয়বিদারক ঘটনা ঘটছে। সম্প্রতি মোহনপুরেও এমন ঘটনা ঘটেছে। তাঁর দাবি, গত সংসদ অধিবেশনে এ বিষয়ে কঠোর আইন পাস হয়েছে। নতুন আইনে অপরাধীদের জামিনের সুযোগ সীমিত করার পাশাপাশি সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার বিধান রাখা হয়েছে।
পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না। শুধু পোশাক পরিবর্তন করলেই হবে না, কাজের ধরন ও মানসিকতারও পরিবর্তন আনতে হবে। পুলিশ সদস্যদের মানসিকভাবে পরিবর্তিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
আলোচিত ‘ম্যাগনেট গ্রুপ’ প্রসঙ্গে এমপি মিলন বলেন, তারা চোরাই পথে দেশত্যাগ করেনি; বরং সরকারি ব্যবস্থায় চার্টার্ড বিমানে স্বেচ্ছায় দেশ ছেড়েছে। এ বিষয়ে ফেসবুকে ছড়ানো অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন নিজস্ব গতিতে চলবে।
ফসলি জমিতে পুকুর খননের বিরোধিতা করে এমপি মিলন বলেন, কৃষিজমি নষ্ট করে কোনোভাবেই পুকুর খনন করতে দেওয়া হবে না। ইতোমধ্যে যেসব জমিতে পুকুর খনন করা হয়েছে, সেগুলোর শ্রেণি পরিবর্তনে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ পুকুর খনন বন্ধ হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে উল্লেখ করে বিদ্যমান পুকুরগুলো সংস্কারের ওপরও গুরুত্ব দেন। পুকুর খননকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন।
পরে এমপি মিলন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন।
উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নিয়ে এমপি মিলন বলেন, ফ্যামিলি কার্ড তৈরি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ কাজে নানা প্রতিবন্ধকতা আসতে পারে। তাই ভোটার পরিচয়পত্র দেখে প্রতিটি তথ্য নির্ভুলভাবে লিপিবদ্ধ করতে হবে।
এ সময় তিনি মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের মধ্যে সরকারি ট্যাব বিতরণ করেন।
অনুষ্ঠানে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কমিটির সদস্য ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







