বেরোবিসাসের সেরা ভিডিও প্রতিবেদক রিপন শাহরিয়ার

ষান্মাসিক মূল্যায়নে তিন বিভাগে সেরা সাংবাদিকদের সম্মাননা, অনুসন্ধানী প্রতিবেদনে সাজ্জাদ ও ফিচারে মাশফিকুল হাসান নির্বাচিত।

টুইট ডেস্ক: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) ষান্মাসিক মূল্যায়ন ২০২৬-এ সেরা ভিডিও প্রতিবেদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রিপন শাহরিয়ার। সাংবাদিকতায় কাজের মান ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে বেরোবিসাসের এক যুগ পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনটি বিভাগে নির্বাচিত সেরা সাংবাদিকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। প্রধান আলোচক ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।

ষান্মাসিক মূল্যায়নে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের কাজের মান ও পারফরম্যান্স বিবেচনায় তিনটি বিভাগে সেরা সাংবাদিক নির্বাচন করা হয়। এতে সেরা অনুসন্ধানী প্রতিবেদক নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান সাজ্জাদ এবং সেরা ফিচার লেখক হয়েছেন মাশফিকুল হাসান।

সেরা ভিডিও প্রতিবেদক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় রিপন শাহরিয়ার বলেন, এ স্বীকৃতি তাঁর জন্য আনন্দ ও গর্বের। এই অর্জন ভবিষ্যতে কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। ক্যামেরার প্রতিটি দৃশ্যে সত্য ও বাস্তবতা তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এই দায়বদ্ধতা থেকে মানুষের কথা, শিক্ষার্থীদের কথা এবং সমাজের নানা চিত্র তুলে ধরতে চান।

উল্লেখ্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি সাংবাদিকদের কাজের মূল্যায়ন ও পেশাগত উৎকর্ষে উৎসাহ দিতে প্রতিবছর ২৬ অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় এবারও তিনটি বিভাগে সেরা সাংবাদিকদের স্বীকৃতি দেওয়া হয়েছে।