রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

অটোরিকশা চুরির অভিযোগে ধাওয়া করে আটক, পিটুনিতে ঘটনাস্থলেই মৃত্যু
টুইট ডেস্ক: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চুরির বিষয়টি টের পান তিনি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। পাশের মসজিদের মাইকে চোরের ঘোষণা দেওয়া হলে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন।
একপর্যায়ে তাঁরা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় একটি ধানক্ষেত থেকে তাঁদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজনের পিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সবুর জানান, প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






