ফুটবল দেখলেই রেগে যান নেইমার

ফুটবল তাঁর ভালোবাসা, তবে টেলিভিশনে বসে খেলা দেখা একেবারেই অপছন্দ; অবসরের পর নিজের ইচ্ছামতো জীবন কাটাতে চান ব্রাজিলিয়ান তারকা।

টুইট ডেস্ক: পেশাদার ফুটবলে প্রায় দুই দশকের পথচলা নেইমারের। মাত্র ১৭ বছর বয়সে শুরু হয়েছিল তাঁর পেশাদার ক্যারিয়ার। দীর্ঘ এই সময়ে বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই ও সান্তোসের হয়ে মাঠ মাতিয়েছেন ব্রাজিলের এই তারকা। তবে ফুটবলের প্রতি গভীর ভালোবাসা থাকলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে একেবারেই পছন্দ করেন না তিনি। বরং ফুটবল খেলা দেখলে তার রাগ হয়।

৩৪ বছর বয়সী নেইমার এখন থেকেই অবসর-পরবর্তী জীবন নিয়ে ভাবতে শুরু করেছেন। ব্রাজিলের সংবাদমাধ্যম জি গ্লোবোর প্রকাশিত এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও ফুটবল দেখার প্রতি অনীহার কথা জানিয়েছেন তিনি।

অবসরের পরের জীবন কেমন হবে, সে বিষয়ে নেইমার বলেন, অবসর নেওয়ার পর কোনো কিছু না করে পুরো একটি বছর কাটিয়ে দিতে চান তিনি। নিজের ইচ্ছাকেই তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

নেইমারের ভাষ্য, ‘আমি এভাবেই চলব, আজ যদি ফুটবল খেলার ইচ্ছা জাগে, খেলব। কিন্তু আজ যদি কিছুই না করার ইচ্ছা হয়, তাহলে কিছুই করব না।’

মাঠে নামার প্রতি প্রবল আগ্রহ থাকলেও টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখার ক্ষেত্রে একেবারেই ভিন্ন নেইমার। এ বিষয়ে তিনি বলেন, ‘না, আমি এটা পছন্দ করি না। আমি বাস্কেটবল ভালোবাসি, তবে মাঝে মাঝে দেখি। ফুটবল দেখলে আমার রাগ হয়।’

নিজের এই অভ্যাসের কথা অন্যদের জানালেও অনেকে তা বিশ্বাস করতে চান না বলে জানিয়েছেন নেইমার। তাঁর মতে, ফুটবলকে তিনি ভালোবাসেন ঠিকই, তবে সেই ভালোবাসার প্রকাশ মাঠে খেলতে নামার মধ্যেই সীমাবদ্ধ রাখতে পছন্দ করেন।

নেইমার বলেন, ‘আমি ফুটবল ভালোবাসি, কিন্তু খেলতে ভালোবাসি। সোফায় বসে টেলিভিশনে একটি ম্যাচ দেখা, আমি আসলে এটা পারি না।’

বার্সেলোনা ও প্যারিসে থাকার সময়ও একই অভ্যাস ছিল তাঁর। সাপ্তাহিক ছুটির দিনে সতীর্থ বা বন্ধুরা যখন টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখতেন, তখন বিরক্ত হতেন নেইমার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাত যে তিনি ওই ঘরেই থাকতে চাইতেন না।

নেইমারের এই স্বীকারোক্তিতে ফুটবলের প্রতি তাঁর ভালোবাসার অন্য একটি দিক উঠে এসেছে। কোটি দর্শকের কাছে টেলিভিশনে খেলা দেখা বিনোদনের বড় অংশ হলেও তাঁর কাছে ফুটবলের আসল আনন্দ মাঠে নেমে খেলার মধ্যেই।