ষড়যন্ত্রে মানুষের হৃদয় জয় করা যায় না: টুকু

পলাতক স্বৈরাচারী চক্রের দেশে ফেরার চেষ্টা জনগণই প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
টুইট প্রতিবেদক: ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের জনগণই তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের জনগণ বিএনপির ওপর আস্থা রেখে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। যারা মানুষ হত্যা ও গুলি চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তারা আবারও ভয়ংকর রূপে বাংলাদেশে ফেরার কথা বলছে। তবে জনগণই তাদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে হওয়া বিচারের রায় জনগণ কার্যকর হতে দেখবে। এ সময় তিনি ফাঁসির রায় কার্যকরের কথাও উল্লেখ করেন।
বিএনপির ওপর জনগণের আস্থার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা নিরাপদ থাকবে। তাঁর ভাষ্য, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি, কারও কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়।
সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেন, গণহত্যা চালিয়ে দেশ ছেড়ে যাওয়া স্বৈরাচারী চক্র এবং একাত্তরের ঘাতকদের মধ্যে কোনো অনুশোচনা নেই। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, এসব অপচেষ্টা সফল হবে না। কারণ, ষড়যন্ত্র করে মানুষের হৃদয় জয় করা যায় না।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশকে ভালোবেসে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে কোনো শক্তিই জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমান দেশকে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁদের ধারাবাহিকতায় জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি বাংলাদেশকে উন্নত ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।
এ সময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।






