‘কী খবর মাসুদ, ভালো?’—চট্টগ্রামের পুলিশ সুপারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে পৌঁছে অভ্যর্থনা পর্বে পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত কথোপকথন নজর কেড়েছে।
টুইট ডেস্ক: রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সরকারের মন্ত্রী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ স্থানীয় সংসদ সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
বিমান থেকে নেমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতিও নজরে আসে। করমর্দনের সময় তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন।
পরে বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী। সেখানে তাঁর পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি সম্পন্ন হয়।






