দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলজেরিয়ায় হুমায়ুন

প্রতিমন্ত্রীর সফরে জ্বালানি, কৃষি ও বাণিজ্য নিয়ে আলোচনার কথা রয়েছে; বৈঠক হবে দেশটির প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সঙ্গে।

টুইট ডেস্ক: দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে দুই দিনের সরকারি সফরে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে পৌঁছেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি আলজেরিয়ায় পৌঁছালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়াবিষয়ক মহাপরিচালক আবদেলমালেক বুহেদ্দু তাঁকে স্বাগত জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে প্রতিমন্ত্রী আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং কৃষি, গ্রামীণ উন্নয়ন ও মৎস্যবিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

এসব বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্প্রসারণ, কৃষিক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিশেষ করে জ্বালানি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। পাশাপাশি কৃষি ও অন্যান্য খাতে যৌথ উদ্যোগের সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার পথ তৈরি হতে পারে।

প্রতিমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।