মাদক কারবারি ছিনতাইয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে ইয়াবাসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল মাদক কারবারি। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিতে পারেনি।

টুইট প্রতিবেদক: গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে ফাঁড়িতে এগাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

 হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন এটিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমান।
রেলওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ইয়াবা বিক্রির সময় এক নারীসহ দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁদের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. আনিছ (১৮) ও শিমলা (২২)। আনিছ ময়মনসিংহের গফরগাঁও থানার মাইছজাদি গ্রামের হারেছ মিয়ার ছেলে। শিমলা গাজীপুর সদর মেট্রোপলিটন থানার চা বাগান বাঁশতলা এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, আসামিদের ফাঁড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পর একদল মাদক কারবারি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি। পরে তারা পুলিশ সদস্যদের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সদর মেট্রোপলিটন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, এ ঘটনায় পুলিশের ওপর হামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হবে। আটক আনিছ ও শিমলাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

মাদক উদ্ধার ও গ্রেপ্তারের পর পুলিশ ফাঁড়িতে এমন হামলার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়টিকে আবারও সামনে এনেছে।