লামা থেকে নিখোঁজ তিন স্কুলছাত্রী চট্টগ্রামে উদ্ধার

চট্টগ্রামের খুলশী এলাকার দুটি বাসা থেকে তাদের উদ্ধার করে পুলিশ, পরে পরিবারের কাছে হস্তান্তর

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তায় খুলশী থানা এলাকার দুটি বাসা থেকে তাদের পৃথকভাবে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুছ সাদিয়া (১৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকা থেকে তারা নিখোঁজ হয়।

পরে তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের সহায়তায় খুলশী থানার ২ নম্বর সড়কের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, তিন শিক্ষার্থী সেখানে গৃহপরিচারিকার কাজের জন্য অবস্থান করছিল। তবে কীভাবে তারা সেখানে পৌঁছেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া তিন স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।