রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি

শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের নির্দেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে আদেশ

নিজস্ব প্রতিবেদক : শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখতে রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে নির্ধারিত সময়ে জেলার সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রাজশাহী জেলার সব ধরনের কোচিং সেন্টারের ক্ষেত্রে এ নির্দেশনা বহাল থাকবে।