মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও মুক্তিযুদ্ধের গৌরব রক্ষার আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গভবনে পৃথক সাক্ষাতে ইতিহাস সংরক্ষণ, দক্ষ জনশক্তি গঠন ও কোরআন শিক্ষার প্রসারেও গুরুত্বারোপ

টুইট ডেস্ক : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা রাষ্ট্রের দায়িত্ব।

এদিকে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার বাংলাদেশবিষয়ক যুক্তরাজ্যের অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের সফররত একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

দেশের বিভিন্ন খাতে কাজের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। একই দিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি দেশের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে উচ্চশিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করার পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা ও চর্চায় উৎসাহ বাড়াতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী হাফেজ ও শিক্ষার্থীদের সম্মানিত করা এবং কোরআন শিক্ষা ও চর্চার প্রসারে উৎসাহব্যঞ্জক উদ্যোগ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি।