চুরি হওয়া প্রায় ৩০ মণ মাছের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা, ট্রাক জব্দ করেছে পুলিশ

মীরসরাইয়ে পিকআপে তল্লাশি চালিয়ে মদ উদ্ধার; পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরির অভিযোগ উঠেছে। মাছ নিয়ে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে চোরেরা মাছ ও ট্রাক ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মাছভর্তি মিনি ট্রাকটি জব্দ করেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে এ ঘটনা ঘটে।
পুকুরের মালিক কবির হোসেনের দাবি, তাঁর লিজ নেওয়া পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছিল। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ছেলে ফাহিমকে নিয়ে পুকুরের চারপাশ ঘুরে দেখাশোনা শেষে তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন।
বৃহস্পতিবার ভোরে পুকুরের দিকে যাওয়ার সময় স্থানীয় গোলাম রাসুল তাঁকে জানান, পুকুর থেকে মাছ চুরি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে কবির হোসেন পানিতে জাল টানার চিহ্ন, মাছের বস্তা ও জাল তোলার চিহ্ন দেখতে পান। পুকুরের চারপাশের গাছের ডালও মাড়ানো অবস্থায় ছিল।
এরপর স্থানীয় একজনের কাছ থেকে তিনি জানতে পারেন, কানপাড়া থেকে দুর্গাপুরগামী পাকা সড়কের কিশোরপুর মোড়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে আছে। সেখানে গিয়ে তিনি ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি পড়ে থাকতে দেখেন।
ট্রাকের ওপর ও আশপাশে মাছের বস্তা ও জাল ছড়িয়ে-ছিটিয়ে ছিল। পাশের একটি পুকুরের পানিতেও মাছের বস্তা ও মাছ ভাসতে দেখা যায়।
এজাহারে কবির হোসেন অভিযোগ করেন, বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটের মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা তাঁর পুকুর থেকে প্রায় ৩০ মণ মাছ চুরি করে মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়লে চোরেরা মাছ ও ট্রাক ফেলে পালিয়ে যায়।
পুকুর মালিকের হিসাবে চুরি হওয়া মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
তবে মাছ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে বলে অভিযোগ করেছেন কবির হোসেনের ভাই আনোয়ার হোসেন। তাঁর দাবি, ভোর ৬টার দিকে থানায় খবর দেওয়া হলেও পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে যায়। এতে বস্তায় থাকা মাছ মারা যায়। সময়মতো পুলিশ ঘটনাস্থলে গেলে মাছগুলো উদ্ধার করে বিক্রি করা সম্ভব হতো বলেও দাবি করেন তিনি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা ঢাকা মেট্রো-ন-১১-২৪৮৭ নম্বরের মিনি ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। মাছ চুরির ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






