বস্ত্র খাতের সংকট সমাধানে বিরোধী দলের সহযোগিতা চাইল বিটিএমএ

শিল্পের কাঁচামাল, জ্বালানি, কর-শুল্ক, বন্ড সুবিধা ও এলডিসি-উত্তরণ,পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা; সরকারের সঙ্গে সমন্বয়ের আশ্বাস শফিকুর রহমানের

টুইট প্রতিবেদক দেশের বস্ত্র খাতের বিদ্যমান সমস্যা সমাধান ও শিল্পের সক্ষমতা ধরে রাখতে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সহযোগিতা চেয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

মঙ্গলবার মিন্টো রোডে শফিকুর রহমানের সরকারি বাসভবনে তাঁর আমন্ত্রণে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। পরে বিটিএমএর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বৈঠকে বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন সংগঠনটির নেতারা। রপ্তানিমুখী শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করা, শিল্পের সক্ষমতা সংরক্ষণ, স্থানীয় মূল্য সংযোজন বাড়ানো এবং কর্মসংস্থান সুরক্ষায় নীতিসহায়তার প্রয়োজনীয়তার কথা জানান তাঁরা।

এ ছাড়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সংরক্ষণ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বন্ড সুবিধার অপব্যবহার ও অবৈধ আমদানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বিরোধী দলের সহযোগিতা চান বিটিএমএর নেতারা।

বৈঠকের শুরুতে শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে বস্ত্র খাতের উন্নয়নে প্রয়োজনীয় নীতিসহায়তা ও উদ্যোগ বাস্তবায়নে পরামর্শ এবং সহযোগিতা দেওয়া হবে। সমন্বিত ও ভারসাম্যপূর্ণ নীতির মাধ্যমে বস্ত্র খাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, শক্তিশালী বস্ত্র খাত দেশের রপ্তানি সক্ষমতা ও শিল্পভিত্তি আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিটিএমএর উত্থাপিত প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, বস্ত্র খাতের প্রণোদনা, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী চ্যালেঞ্জ, কর ও শুল্ক এবং বিভিন্ন নীতিগত জটিলতা নিয়ে আলোচনা হয়েছে।

বিটিএমএর সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, বস্ত্র খাতের সমস্যাগুলো নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের সঙ্গে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। এর মধ্যে কিছু সমস্যার সমাধান হয়েছে এবং অন্য বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে।

বৈঠকে বিটিএমএর পক্ষে সাবেক সহসভাপতি হোসেন মেহমুদ, পরিচালক শাহিদ আলম ও ইশতিয়াক আহমেদ এবং সাবেক পরিচালক মোশারফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে কেন্দ্রীয় প্রচার ও গণমাধ্যম বিভাগের সেক্রেটারি এহসানুর মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।