শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে পুরস্কার পেল রাজশাহী সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক : জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন নিশ্চিত করায় ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন’ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ সম্মাননা প্রদান করেন।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভূঁঞা, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী, ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান ড. মিখাল ক্রেজা এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি মিজ জিলিয়ান মেলসপ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমও উপস্থিত ছিলেন।
স্বীকৃতি অর্জনের পর রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে কার্যক্রমে সহযোগিতার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন। এ স্বীকৃতি ভবিষ্যতে নাগরিকসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে উৎসাহ জোগাবে।






