প্রথমবারের মতো লটারিতে বদলি হলেন ১৩১ সাবরেজিস্ট্রার

প্রথম ধাপে ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি কার্যালয়ের জন্য ১৮ জনকে বাছাই, অনিয়ম হলে বদলির হুঁশিয়ারি

টুইট ডেস্ক: জনমনে সাবরেজিস্ট্রারদের বদলি-পদায়ন নিয়ে নেতিবাচক ধারণা দূর করতে প্রথমবারের মতো লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করেছে সরকার। প্রথম ধাপে সারাদেশের ১৩১ জন সাবরেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বদলি কার্যক্রমের উদ্বোধনের পর এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইনমন্ত্রী বলেন, সাবরেজিস্ট্রার পদে বদলি ও পদায়ন নিয়ে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে কোনো না কোনো জায়গা থেকে পরিবর্তনের শুরু করতে হবে। লটারির মাধ্যমে বদলি কার্যক্রম শুরু করা সেই উদ্যোগেরই অংশ।

তিনি জানান, ঢাকার ১৮টি সাবরেজিস্ট্রি কার্যালয়ের জন্য সারাদেশের ১৩১ জনের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রথম ধাপে ১৮ জনকে বাছাই করা হয়েছে। পরবর্তী সময়ে তাদের দক্ষতা বিবেচনা করে গুরুত্বপূর্ণ সাবরেজিস্ট্রি কার্যালয়ে দায়িত্ব দেওয়া হবে।

আইনমন্ত্রী বলেন, ঢাকায় পদায়নকে অনেক সময় বিশেষ গুরুত্বপূর্ণ পদায়ন হিসেবে বিবেচনা করা হয়। সেই গুরুত্বপূর্ণ পদায়নের ক্ষেত্রেই প্রথমবারের মতো লটারি করা হয়েছে।

তিনি আরও বলেন, বদলি হয়ে নতুন কর্মস্থলে যাওয়ার পর কেউ দুর্নীতিতে জড়িয়ে পড়লে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে। অর্থাৎ লটারির মাধ্যমে বদলি হলেও দায়িত্ব পালনে অনিয়ম বা দুর্নীতির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না।

এ সময় সাবরেজিস্ট্রারের কাছ থেকে একজন সাংবাদিকের টাকা নেওয়ার অভিযোগের বিষয়টিও মন্ত্রণালয় খতিয়ে দেখছে বলে জানান আইনমন্ত্রী।