বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

শিশুদের প্রকৃতি ও প্রাণীর প্রতি সহমর্মী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

টুইট ডেস্ক: বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য শিশুদের ছোটবেলা থেকেই মানুষ, প্রকৃতি ও প্রাণীর প্রতি সহমর্মী হওয়ার শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় শিশু-কিশোরদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, শুধু মানুষের প্রতি নয়, প্রকৃতির প্রতিও মানুষের দয়া ও সহমর্মিতা থাকতে হবে। প্রকৃতির সৃষ্টি গাছপালা ও পশুপাখির যত্ন নেওয়ার মাধ্যমে শিশুদের মধ্যে এই বোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বাড়ি, বিদ্যালয় কিংবা আশপাশে কোনো গাছ থাকলে সেটির যত্ন নিতে হবে। গাছে পানি দেওয়া ও পরিচর্যার মাধ্যমে সেটিকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। একইভাবে আশপাশের পশুপাখির প্রতিও যত্নশীল হতে হবে। এসব পশুপাখি দেশের সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মেরও সম্পদ।

অভিভাবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই প্রকৃতির প্রতি সহমর্মিতার বোধ তৈরি করতে হবে। প্রকৃতির প্রতি মানুষ সদয় হলে প্রকৃতিও মানুষের প্রতি সদয় হবে। প্রকৃতির সঙ্গে মিলেই মানুষকে বেঁচে থাকতে হয়। তাই প্রকৃতিকে রক্ষা ও সহযোগিতা করার মানসিকতা শিশুদের মধ্যে গড়ে তোলা জরুরি।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রাস্তাঘাটসহ বিভিন্ন স্থানে মানুষ অসচেতনভাবে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করছে। বড় কেউ পরিবেশের ক্ষতি করে এমন কাজ করলে শিশুদেরও সাহস করে তাকে সঠিক জায়গায় ময়লা ফেলার কথা বলতে হবে।

তারেক রহমান বলেন, পরিবারের প্রতিটি শিশু পরিবারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেওয়া গেলে পরিবারের ভিত্তি যেমন শক্ত হবে, তেমনি দেশের ভিত্তিও শক্তিশালী হবে। দেশের সব শিশুকে সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারলে আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।