গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চারটি ‘মদের গুদাম’ সিলগালা

শুল্কমুক্ত মদ-বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযানে সফটওয়্যার জালিয়াতি ও পণ্য চালানে অনিয়মের তথ্য
টুইট ডেস্ক: রাজধানীর গুলশানে বিদেশি কূটনীতিকদের শুল্কমুক্ত মদ ও বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ অভিযান চালিয়ে চারটি গুদাম সিলগালা করেছে কর্তৃপক্ষ। অভিযানে অনুমোদিত সফটওয়্যারে জালিয়াতি এবং পণ্যের চালানে অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং এসআরবির যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত সফটওয়্যারে পণ্য খালাস দেখানো হলেও অভিযানের সময় সংশ্লিষ্ট মদ গুদামে মজুত অবস্থায় পাওয়া যায়। গত ৩ সেপ্টেম্বরের নথিতে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার আমদানির তথ্য থাকলেও সরেজমিনে গুদামে এসব পণ্যের সন্ধান পাওয়া যায়নি।
এ ছাড়া চারতলা ভবনটির দুটি তলা কাস্টমস কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যবহার করার তথ্যও পাওয়া গেছে। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির চারটি গুদাম সিলগালা করা হয়।
টস বন্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক শেখ নূর ইসলাম। তিনি কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের শ্বশুর। এর আগে শেখ নূর ইসলামের মালিকানাধীন ‘ফুওয়াং ক্লাব’ ও ‘কয়লা রেস্টুরেন্টেও’ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল।






