বালিতে দুর্ঘটনায় নুসরাত, মেরুদণ্ডে ভাঙন

অস্ত্রোপচারের জন্য আকাশপথে মুম্বাইয়ে নেওয়ার প্রস্তুতি, কয়েক সপ্তাহের কাজের সূচি অনিশ্চিত।

টুইট প্রতিবেদক: ইন্দোনেশিয়ার বালিতে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। দুর্ঘটনায় তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। বর্তমানে বালির একটি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

নুসরাতের জনসংযোগ কর্মকর্তা সঞ্চিতা ত্রিবেদী এক বিবৃতিতে জানিয়েছেন, কাজ ও অবকাশযাপনের উদ্দেশ্যে অভিনেত্রী বালিতে গিয়েছিলেন। দুর্ঘটনার পর চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়ন শেষে মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হবে।

অস্ত্রোপচারের জন্য নুসরাতকে আকাশপথে বিশেষ চিকিৎসাবাহী উড়োজাহাজে মুম্বাইয়ে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তাঁর জনসংযোগ দলের ভাষ্য, এই মুহূর্তে অভিনেত্রীর স্বাস্থ্য ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

তবে দুর্ঘটনাটি ঠিক কবে, বালির কোথায় এবং কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মুম্বাইয়ে তাঁকে কবে নেওয়া হবে কিংবা অস্ত্রোপচারের নির্দিষ্ট সময়ও জানানো হয়নি।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে নুসরাতের বালিতে আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। কোনো কোনো প্রতিবেদনে শুটিংয়ের সময় দুর্ঘটনার কথা বলা হলেও তাঁর জনসংযোগ কর্মকর্তার দেওয়া বিবৃতিতে শুটিং সেটে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

মেরুদণ্ডে আঘাত ও অস্ত্রোপচারের কারণে নুসরাতকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হতে পারে। তাঁর জনসংযোগ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এতে আগামী কয়েক সপ্তাহের কাজের সূচি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোন কোন কাজ পিছিয়ে যাবে কিংবা কত দিন তাঁকে বিশ্রামে থাকতে হবে, তা এখনো স্পষ্ট নয়।

অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছে তাঁর জনসংযোগ দল। একই সঙ্গে চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠার জন্য তাঁকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ এবং শুভকামনার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি পরিচালক রেমো ডিসুজার একটি নতুন মারপিটনির্ভর ছবিতে টাইগার শ্রফের সঙ্গে নুসরাতের অভিনয়ের খবর প্রকাশিত হয়েছে। ছবিটিতে পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদবও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

তবে বালির দুর্ঘটনার সঙ্গে ওই ছবির শুটিংয়ের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত করা হয়নি।

২০০৬ সালে ‘জয় সন্তোষী মা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ভারুচার। পরে ‘লাভ সেক্স অউর ধোঁকা’, ‘পেয়ার কা পঞ্চনামা’, ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ও ‘সোনু কে টিটু কি সুইটি’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পান তিনি।