মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভাইয়ের মৃত্যুতে শাহবাজের শোক

ফোনালাপে দ্বিপক্ষীয় ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার দুই নেতার
বিশ্ব ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বড় ভাইয়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার বিকেলে দুই নেতার মধ্যে ফোনে উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়। এ সময় শাহবাজ শরিফ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত আনোয়ার ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শক্তি ও ধৈর্য কামনা করেন।
আনোয়ার ইব্রাহিম তার ভাইয়ের মৃত্যুর ঘটনায় দুঃখ ভাগ করে নেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার প্রতি শুভকামনা জানান।
ফোনালাপে দুই নেতা মালয়েশিয়া ও পাকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে নিজেদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তারা।
সূত্র: পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় (এক্স)






