ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১৪ নেতাকর্মী বহিষ্কার, নতুন কমিটি শিগগিরই।
টুইট প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপি, মহানগর উত্তর যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে দলীয় পদ ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দল ও সহযোগী সংগঠনগুলো এসব সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানায়।
সম্প্রতি রাজধানীর মিরপুরে মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় কিছু নেতা-কর্মীর সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ নিয়ে আলোচনা চলার মধ্যেই এসব সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো। তবে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিগুলোতে ওই ঘটনার কোনো উল্লেখ নেই।
বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক ও মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
অন্য এক বিজ্ঞপ্তিতে শাহ আলী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, সি-ব্লক ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুর রহমান শুক্কুকে বহিষ্কারের কথা জানানো হয়। অনৈতিক কর্মকাণ্ডসহ সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদল ও ছাত্রদলের কমিটিও বিলুপ্ত
মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
একই কারণে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শিগগির নতুন কমিটি ঘোষণার কথা বলা হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহানগর পশ্চিম ছাত্রদলের পাঁচ নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন—সহসভাপতি সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ, দারুসসালাম থানা ছাত্রদলের আহ্বায়ক ইকবাল হোসেন দিপু, সদস্যসচিব ওমর নাঈম এবং ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব শান্ত রহমান।
স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের ছয়জন বহিষ্কার
দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মামুন ও সদস্যসচিব মো. হাফিজুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তাঁদের সঙ্গে যোগাযোগ না রাখতেও নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে শাহ আলী থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, শাহ আলী থানা অটোরিকশা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য হুজাইফা এবং দারুসসালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর উত্তরের পল্লবী থানার ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকেও দল থেকে বহিষ্কার করা হয়। অনৈতিক কর্মকাণ্ডসহ সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিএনপি জানিয়েছে।
সব মিলিয়ে রাজধানীর উত্তর ও পশ্চিমাঞ্চলের বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
একই সময়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ধারাবাহিক বহিষ্কারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় দলীয় সাংগঠনিক নিয়ন্ত্রণ জোরদারের উদ্যোগের বিষয়টিও সামনে এসেছে।






