মাগুরায় ২৩৫ ইউনিটের বিল ৫০৭ কোটি, জিএম বরখাস্ত

মিটার পরিবর্তনের সময় ভুল পোস্টিংয়ে ‘ভুতুড়ে’ বিল, সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল দেওয়ার ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের জরুরি নির্দেশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এ ব্যবস্থা নেয়।

মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ওই বিল ইস্যু করা হয়। বিলটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

ঘটনার পর মন্ত্রী তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দেন এবং ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেন। পরে বিলটি সংশোধন করে সঠিক বিল গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক বা টাইপিংজনিত অসাবধানতায় মিটারের সিল নম্বরের অঙ্কগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ায় অস্বাভাবিক বিলটি তৈরি হয়।

এ ঘটনায় দায়িত্বে চরম গাফিলতির অভিযোগে জিএমকে সাময়িক বরখাস্তের পাশাপাশি সংশ্লিষ্ট অন্য কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়