রূপপুরের দ্বিতীয় ইউনিটে অক্টোবরে আসছে পারমাণবিক জ্বালানি

ডিসেম্বরের মধ্যে ইউরেনিয়ামের সব চালান পৌঁছানোর কথা, দুই ইউনিটে উৎপাদন হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ
টুইট ডেস্ক: পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম সরবরাহ আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে। ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় সব জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম।
সোমবার এক বিবৃতিতে রোসাটম জানায়, রূপপুর প্রকল্পের চুক্তি ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী কয়েকটি চালানে আকাশপথে এই জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের শেষ নাগাদ সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান বাংলাদেশে পৌঁছায়। ওই সময় বিদ্যুৎকেন্দ্রটির আনুষ্ঠানিক সনদ হস্তান্তর করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন রাশিয়ার আর্থিক ও কারিগরি সহযোগিতায় রূপপুর প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের দুটি ইউনিটে প্রতিটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
রূপপুর প্রকল্পের প্রধান ঠিকাদার ও নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে রোসাটমের প্রকৌশল শাখা।






