দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়িচালকদের জরুরি নির্দেশনা

হেলমেট ব্যবহার, নির্ধারিত গতি ও ট্রাফিক আইন মেনে চলার আহ্বান পুলিশের

টুইট প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোটরসাইকেল ও গাড়িচালক এবং আরোহীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। জীবনের ঝুঁকি কমাতে ট্রাফিক আইন মেনে দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পুলিশের নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চালক ও আরোহী—উভয়কেই মানসম্মত হেলমেট পরতে হবে। চালকসহ দুজনের বেশি মোটরসাইকেলে ওঠা যাবে না। চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে উচ্চশব্দের বা হাইড্রোলিক হর্ন বাজানো থেকেও বিরত থাকতে হবে।

নির্ধারিত গতিসীমা ও ট্রাফিক সিগন্যাল মেনে চলার পাশাপাশি ভারী যানবাহনের চলাচল সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সচেতন থাকতে হবে, যাতে দুর্ঘটনা এড়ানো যায়।

মোড় নেওয়া বা লেন পরিবর্তনের আগে যথাসময়ে ইন্ডিকেটর লাইট ব্যবহারের নির্দেশ দিয়েছে পুলিশ। একই সঙ্গে সামনে থাকা যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

ঝড়, বৃষ্টি ও কুয়াশার মতো প্রতিকূল আবহাওয়ায় যানবাহনের গতি কমিয়ে বাড়তি সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, যানজট বা অন্য চালকের ভুলের কারণে ধৈর্য হারিয়ে বেপরোয়া আচরণ করা যাবে না। মাদকাসক্ত, তন্দ্রাচ্ছন্ন বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো এবং উল্টো পথে যানবাহন চালানো সম্পূর্ণ পরিহার করতে হবে।

মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নিজস্ব লেনে চলাচল এবং গাড়ির প্রয়োজনীয় ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার জন্যও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পুলিশের মতে, চালক ও আরোহীদের সচেতনতা, ট্রাফিক আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণই সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।