স্থানীয় নির্বাচন নিয়ে নতুন সময়সূচির ইঙ্গিত

চলতি বছরে ভোট শুরুর সম্ভাবনা কম, আগামী বছরের শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর কথা জানালেন প্রতিমন্ত্রী

টুইট ডেস্ক : চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরুর সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন তিনি। আগামী ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তবে ভোটের তারিখ নির্ধারণ করবে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। মন্ত্রণালয়ের প্রস্তুতি ও অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়ার অংশ হিসেবে এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে স্থানীয় সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল বসানো হবে।

প্রতিমন্ত্রী জানান, এ প্রকল্পে ব্যয় হবে ৩৭০ কোটি টাকা। আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য রয়েছে। সব মিলিয়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

উৎপাদিত বিদ্যুতের অর্ধেক অর্থাৎ ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।