রাবি শিক্ষার্থীকে মারধরের জেরে স্টেশনে ভাঙচুর, রাজশাহীর ৪ রেলকর্মী বরখাস্ত

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তেজনা, রেললাইন অবরোধের পর স্টেশনে ভাঙচুর।

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই ঘটনায় দায়িত্বে থাকা চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগ ওঠে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের বিরুদ্ধে। পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্টেশনের রেললাইন অবরোধ করে অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আইয়ুব তার চাচা-চাচিকে নিতে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়েছিলেন। সেখানে ইংরেজি বিভাগের দুই শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি হয়। ওই শিক্ষার্থীদের পক্ষে কথা বলায় আইয়ুবকে মারধর করা হয় বলে অভিযোগ।

পরে রোববার দিবাগত রাত ১২টার দিকে রাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে গিয়ে ভাঙচুর চালান। রাত দেড়টার দিকে তারা স্টেশন এলাকা ছেড়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেন।

রাবির প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, আইয়ুবের মাথায় আঘাত লেগেছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজশাহীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় থেকে রোববার জারি করা আদেশে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত চার রেলকর্মী হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন। আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রতিদিন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে হাজিরা দিতে হবে।

ঘটনা সম্পর্কে জানতে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক জিয়াউল আহসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।