বিজিবির সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ, গ্রেডভেদে কার কত

চাকরির মেয়াদ অনুযায়ী ১ হাজার ৪৪০ থেকে ৫ হাজার ৫০ টাকা পর্যন্ত মাসিক ভাতা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সুবেদার মেজর ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের মাসিক সীমান্ত ভাতা পুনর্নির্ধারণ করেছে সরকার। জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী কর্মচারীদের গ্রেড ও চাকরির মেয়াদের ভিত্তিতে নতুন হারে এ ভাতা নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের প্রবিধি-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রেড-২০-এর কর্মচারীরা চাকরির মেয়াদ ০ থেকে ৫ বছরের কম হলে মাসে ১ হাজার ৪৪০ টাকা সীমান্ত ভাতা পাবেন। ৫ থেকে ১০ বছর হলে ১ হাজার ৬১০ টাকা, ১০ থেকে ১৫ বছরে ১ হাজার ৯১০ টাকা, ১৫ থেকে ২০ বছরে ২ হাজার ১৪০ টাকা এবং ২০ বছরের বেশি চাকরির ক্ষেত্রে ২ হাজার ২২০ টাকা ভাতা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১৯-এর ক্ষেত্রে চাকরির মেয়াদ অনুযায়ী ভাতার পরিমাণ যথাক্রমে ১ হাজার ৫৩০, ১ হাজার ৭২০, ২ হাজার ৪০, ২ হাজার ২৯০ ও ২ হাজার ৩৮০ টাকা।

গ্রেড-১৮-এর কর্মচারীরা পাবেন ১ হাজার ৬৯০ থেকে সর্বোচ্চ ২ হাজার ৬৩০ টাকা। গ্রেড-১৭-এ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ৮০০ টাকা, গ্রেড-১৬-এ ১ হাজার ৯২০ থেকে ২ হাজার ৯৯০ টাকা এবং গ্রেড-১৫-এ ২ হাজার ৪০ থেকে ৩ হাজার ১৯০ টাকা পর্যন্ত সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রেড-১৪-এর কর্মচারীদের জন্য চাকরির মেয়াদ অনুযায়ী ২ হাজার ১৬০, ২ হাজার ৪৩০, ২ হাজার ৮৯০, ৩ হাজার ২৫০ ও ৩ হাজার ৩৮০ টাকা; গ্রেড-১৩-এ ২ হাজার ২৮০, ২ হাজার ৫৬০, ৩ হাজার ৪০, ৩ হাজার ৪২০ ও ৩ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১২-এ ভাতার পরিমাণ ২ হাজার ৫২০ থেকে ৩ হাজার ৯৩০ টাকা এবং গ্রেড-১১-এ ২ হাজার ৬৪০ থেকে ৪ হাজার ১১০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

গ্রেড-১০-এর কর্মচারীরা চাকরির মেয়াদ অনুযায়ী ২ হাজার ৭৬০ থেকে সর্বোচ্চ ৪ হাজার ৩০০ টাকা সীমান্ত ভাতা পাবেন।

গ্রেড-৯-এ এই ভাতার পরিমাণ ২ হাজার ৮৮০ থেকে ৪ হাজার ৪৯০ টাকা। গ্রেড-৮-এ ৩ হাজার থেকে ৪ হাজার ৬৮০ টাকা এবং গ্রেড-৭-এ ৩ হাজার ১২০ থেকে ৪ হাজার ৮৬০ টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে বেশি সীমান্ত ভাতা নির্ধারণ করা হয়েছে গ্রেড-৬-এর কর্মচারীদের জন্য। এ গ্রেডে চাকরির মেয়াদ অনুযায়ী মাসিক ভাতা ৩ হাজার ২৪০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার ৫০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন হারে সীমান্ত ভাতা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এর আগে অর্থাৎ ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অর্থ বিভাগের ১৮ অক্টোবর ২০১৫ তারিখের স্মারক অনুযায়ী সংশ্লিষ্ট কর্মচারীরা সীমান্ত ভাতা পাবেন।

এতে আরও বলা হয়েছে, প্রেষণে নিয়োজিত কোনো কর্মচারী সীমান্ত ভাতা গ্রহণ করলে নিজ বাহিনীর জন্য নির্ধারিত কুকি ভাতা, বিশেষ ভাতা অথবা প্রতিরক্ষা সার্ভিস ভাতা—প্রযোজ্য ক্ষেত্রে—গ্রহণ করতে পারবেন না।

নতুন এ ভাতা কাঠামোর ফলে বিজিবির সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সদস্যদের গ্রেড ও চাকরির মেয়াদভেদে মাসিক সীমান্ত ভাতার পরিমাণ নির্দিষ্ট হলো।