জাতিসংঘে প্রথম ভাষণে রোহিঙ্গা ও জলবায়ু সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো গুরুত্ব পাবে তাঁর বক্তব্যে।
জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে বাংলাদেশের প্রত্যাশা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য উন্নত বিশ্বের কাছ থেকে ন্যায্য জলবায়ু অর্থায়নের বিষয়টি জাতিসংঘে তুলে ধরা হবে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
এ ছাড়া পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এর মধ্যে বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর উদ্যোগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টার কথাও তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা আশা করছেন, জাতিসংঘের অধিবেশন এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সুযোগ বাড়তে পারে।
সফর শেষে আগামী ২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।






