৯০ কৃতি শিক্ষার্থীর উচ্ছ্বাসে মুখর বান্দরবান, মঞ্চে স্বপ্নপূরণের শপথ

জীবনের ‘এভারেস্ট’ জয় করতে হবে: বান্দরবানে ৯০ কৃতি শিক্ষার্থীকে প্রথম আলোর সংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি: নিজের স্বপ্নই জীবনের ‘এভারেস্ট’। সেই এভারেস্ট জয় করতে হলে লক্ষ্য স্থির করে নিয়মিত বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বই ও পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বান্দরবানে শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে এমন অনুপ্রেরণামূলক কথা বলেছেন শিক্ষক ও বিশিষ্টজনেরা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বান্দরবান সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয় শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা ২০২৬। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

এ বছর বান্দরবানে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৯০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল থেকেই অনুষ্ঠানস্থলে ছিল উৎসবমুখর পরিবেশ অডিটোরিয়ামে প্রবেশের পর কৃতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী জ্যোতিময় দাশ নিজের ভবিষ্যৎ স্বপ্নের কথা জানায়। সে বলে, ফল প্রকাশের পর থেকেই তার সামনে নতুন স্বপ্ন—ভবিষ্যতে চিকিৎসক হওয়া।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চৌধুরী প্রদীপ্ত বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা এবং আনন্দসেবার ব্যবস্থাপনা পরিচালক ও উদ্যোক্তা চথুই প্রু। অনুষ্ঠানে প্রথম আলোর হেড অব মার্কেটিং (মার্কেটিং ও চট্টগ্রাম ইভেন্টস বিভাগ) আহমেদ রিয়াজও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক দিলীপ বণিক এবং বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যে লে. কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান টমাস আলভা এডিসনের জীবনের গল্প তুলে ধরেন। মায়ের আস্থা ও সহযোগিতা কীভাবে এডিসনের জীবনকে এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল, সেই উদাহরণ তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মা-বাবা ও শিক্ষকদের অবদানের প্রতি কৃতজ্ঞ থাকার আহ্বান জানান।

বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক মেহেদী হাসান বলেন, প্রত্যেক মানুষের সামনে একটি করে ‘এভারেস্ট’ থাকে। সেই পর্বত পাড়ি দিতে অর্থাৎ নিজের লক্ষ্য অর্জন করতে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রথম আলো বন্ধুসভা বান্দরবানের সভাপতি বাপ্পা দাশ শিক্ষার্থীদের মাধ্যমিকের সাফল্যে থেমে না থেকে উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যায়েও ভালো ফল করার জন্য মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে সর্বোচ্চ নম্বর পাওয়া দুই কৃতি শিক্ষার্থী মুরিন সালসাবিন ও সৌরভ চক্রবর্তী মঞ্চে উঠে নিজেদের অনুভূতি প্রকাশ করে। পরে শিক্ষার্থীদের মাদক, মিথ্যা ও মুখস্থনির্ভরতা থেকে দূরে থাকার শপথ পাঠ করান বান্দরবান বন্ধুসভার সাবেক সভাপতি মইনুদ্দিন মইন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ৯০ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, সমাজসেবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই আগামীর বান্দরবান। জ্ঞান, সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তুললেই ভবিষ্যতে দেশ ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

আয়োজনটি ‘পাওয়ার্ড বাই’ ছিল বিকাশ এবং সহযোগিতায় ছিল কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।