ইউনান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সভায় যোগ দিতে চীনের পথে রাবির উপ-উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : চীনের কুনমিংয়ে ইউনান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সভায় যোগ দিতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ।
‘ইউনান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের প্রধানদের যৌথ সভা’ শীর্ষক এ সভায় তিনি মূল বক্তব্য উপস্থাপন করবেন। তাঁর বক্তব্যের বিষয় ‘বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার বর্তমান চিত্র এবং চীন-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় সহযোগিতার সম্ভাবনা’।
ইউনান বিশ্ববিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভাটির মূল উদ্দেশ্য চীনা ভাষা শিক্ষার মানোন্নয়ন, ইউনান ও দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা জোরদার এবং একাডেমিক জ্ঞান ও সম্পদ বিনিময়ের জন্য নিয়মিত একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা।
সভায় অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ঝাং শি এবং বাংলাদেশি পরিচালক অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম অংশ নেবেন।
অধ্যাপক মামুনুর রশীদের বক্তব্যে বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি, এর বিকাশের সম্ভাবনা এবং চীন-বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ তৈরি করবে। পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা আরও জোরদার করতেও এ আয়োজন ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চীনের কুনমিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অধ্যাপক মামুনুর রশীদ।






