জরুরি পরিস্থিতি মোকাবিলায় রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত

রেঞ্জ, মেট্রোপলিটন ও আট জেলায় গঠিত হবে QRT; দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ করবে পরিস্থিতি। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুর রেঞ্জে নতুন কৌশল।

নিজস্ব প্রতি‌বেদক: যেকোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে রংপুর রেঞ্জ, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও বিভাগের আট জেলায় কুইক রেসপন্স টিম (QRT) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইজিপির নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রংপুর রেঞ্জ কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের দ্রুত ও সমন্বিত সাড়া নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ, রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভাগের আট জেলার পুলিশ সুপার এবং এটিইউ, সিআইডি, পিবিআই, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট ইউনিট প্রধান বা প্রতিনিধিরা অংশ নেন। রংপুরের বাইরে থাকা জেলা ইউনিটগুলো ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিল।

সিদ্ধান্ত অনুযায়ী, কোনো অনাকাঙ্ক্ষিত বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে সংশ্লিষ্ট ইউনিটের ডাক বা আনুষ্ঠানিক অপেক্ষায় না থেকে সমন্বিতভাবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে QRT। এর মাধ্যমে জরুরি মুহূর্তে পুলিশের প্রতিক্রিয়ার সময় কমানোর পাশাপাশি বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

QRT-এর কার্যক্রম সংশ্লিষ্ট হোস্ট ইউনিটের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত হবে। রংপুর মেট্রোপলিটন এলাকায় পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট জেলায় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী টিমগুলো দায়িত্ব পালন করবে।
এ লক্ষ্যে প্রতিটি জেলা ও সংশ্লিষ্ট বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে QRT-এর সদস্যদের তালিকা দ্রুত প্রস্তুত করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জননিরাপত্তা নিশ্চিত করা, আকস্মিক পরিস্থিতিতে দ্রুত পুলিশি সাড়া দেওয়া এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন ইউনিটের সমন্বিত সক্ষমতা বাড়ানো। এ জন্য রংপুর রেঞ্জ পুলিশকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।