পবায় বিএসটিআইয়ের অভিযানে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মানসনদ ছাড়াই বিক্রি এবং লেবেলে অনিয়মের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, পবা : রাজশাহীর পবা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই এসব পণ্য বিক্রির অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা যায়, পবার কাটাখালী সমসাদীপুর এলাকায় আলিফ ট্রেডার্স বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি করতে দেখা যায়। এছাড়া পণ্যের লেবেলে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার বিষয়টিও ধরা পড়ে।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ ও গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।






