রাজশাহীতে বিশেষ চেকপোস্টে ৭২ মামলা, আটক ৭৭ যানবাহন

সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তায় আরএমপির অভিযান; একদিনে চেকিং ৫৬০ যানবাহন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও আইন লঙ্ঘন প্রতিরোধে রাজশাহী মহানগরীতে বিশেষ চেকপোস্ট ও অভিযান পরিচালনা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত এ অভিযানে মোট ৫৬০টি বিভিন্ন ধরনের যানবাহন চেকিং করা হয়।
অভিযানকালে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭২টি মামলা করা হয়েছে। একই অভিযানে ৭৭টি যানবাহন আটক করা হয়।
আরএমপি জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ নগরবাসী ও চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।







