বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার তহবিলে যোগ দিল এমটিবি

বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সুবিধায় কর্মমূলধন ঋণ পাবেন যোগ্য সিএমএসএমই উদ্যোক্তা।
নিজস্ব প্রতিবেদক: কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (সিএমএসএমই) খাতে কর্মমূলধন অর্থায়ন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার ঘূর্ণায়মান রিফাইন্যান্স স্কিমে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।
এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ব্যাংক ও এমটিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদ বা মুনাফা হারে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে। বিপরীতে উদ্যোক্তাদের সর্বোচ্চ ৯ শতাংশ সুদ বা মুনাফা হারে ঋণ দেওয়ার সুযোগ থাকবে। তিন বছর মেয়াদি এই তহবিল ঘূর্ণায়মান পদ্ধতিতে পরিচালিত হবে।
কর্মমূলধনের সংকটে উৎপাদন বা সেবা সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছে না—এমন সক্রিয় সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের আওতায় আনাই এই স্কিমের মূল লক্ষ্য। এর মাধ্যমে উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনার প্রত্যাশা করা হচ্ছে।
যোগ্য উদ্যোক্তারা নতুন ও নবায়নকৃত কর্মমূলধন ঋণের জন্য আবেদন করতে পারবেন। তবে ঋণ তথ্য ব্যুরোতে খেলাপি হিসেবে চিহ্নিত ঋণগ্রহীতারা এ সুবিধার আওতায় আসবেন না। ঋণের কিস্তি পরিশোধ শুরুর আগে ৩ থেকে ৬ মাস পর্যন্ত অবকাশকাল রাখা হবে। শরিয়াহভিত্তিক ব্যাংক ও ইসলামী ব্যাংকিং শাখা বা উইন্ডোও অনুমোদিত পদ্ধতিতে এই অর্থায়নে অংশ নিতে পারবে।
এমটিবি জানিয়েছে, সিএমএসএমই খাতে ব্যাংকের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের অংশ হিসেবেই এই স্কিমে অংশগ্রহণ করা হয়েছে। ব্যাংকটি এর আগে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পুনঃঅর্থায়ন ও ক্লাস্টারভিত্তিক অর্থায়ন কর্মসূচিতে অংশ নিয়েছে।
এমটিবির এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন এই তহবিলের মাধ্যমে উদ্যোক্তাদের উৎপাদন, ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে।






