কৃতী সংবর্ধনা থেকে ক্রীড়াঙ্গন, তারাগঞ্জে এমপি সাকিলার ব্যস্ত দিন

তারাগঞ্জে এসএসসি কৃতী সংবর্ধনা, জন্মাষ্টমী ও ফুটবল টুর্নামেন্টে এমপি সাকিলা
নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী পৃথক কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয় সংসদ সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য এবং রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দায়িত্বপ্রাপ্ত এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, জন্মাষ্টমী উদযাপন এবং ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১১টায় তারাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন এমপি সাকিলা ফারজানা। এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুর ২টায় জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন এমপি সাকিলা। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
দিনের শেষ কর্মসূচিতে বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন এমপি সাকিলা ফারজানা। পরে তিনি বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম। তিনি জেলা পরিষদ তহবিল থেকে তারাগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে তারাগঞ্জে আধুনিক মানের একটি স্টেডিয়াম নির্মাণের আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।







