আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

বাধা এলে ছয় দফা এক দফায় পরিণত হবে: এনসিপি আহ্বায়ক
টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, যত বাধা-বিপত্তিই আসুক, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চ চট্টগ্রামে পৌঁছাবেই। জনগণের অধিকার ও গণরায়ের বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সারা দেশের মানুষ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার ঢাকা থেকে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগের উদ্দেশে লং মার্চ শুরু হয়েছে। নতুন করে কেউ যাতে স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ না পায়, সেই পথ বন্ধ করতেই এ কর্মসূচি।
তিনি বলেন, এ লং মার্চ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। তেল, গ্যাস ও বিদ্যুতের ক্ষেত্রে যারা সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও এ কর্মসূচি। একই সঙ্গে জনগণের বিপুল গণরায়ের সঙ্গে যারা প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও লং মার্চ।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এটি বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’ তিনি দেশের জনগণকে দলে দলে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, লং মার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে সরকার যদি কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে লং মার্চের ছয় দফা দাবি এক দফায় পরিণত হবে।
এর আগে সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের চট্টগ্রামমুখী লং মার্চ শুরু হয়। সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
লং মার্চের পথে নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাই এলাকায় পথসভা করার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






