রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি

বাটার মোড় থেকে শুরু হয়ে আলুপট্টিতে শেষ হয় র্যালি, মহানগরজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরে বর্ণাঢ্য র্যালি ও র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
কর্মসূচির শুরুতে নগরীর বাটার মোড়ে র্যালিপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বাটার মোড়ে এসে সমবেত হন।
সমাবেশ শেষে বাটার মোড় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মালোপাড়া, মনিচত্বর ও জিরো পয়েন্ট হয়ে নগরীর আলুপট্টিতে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে র্যালিতে অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।
র্যালিপূর্ব সমাবেশে বক্তব্য দেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
এ ছাড়া মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে বাটার মোড় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। র্যালির মাধ্যমে মহানগর বিএনপির সাংগঠনিক উপস্থিতি ও দলীয় ঐক্যেরও জানান দেওয়া হয়।






