রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন

প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী বিএনপির ঐক্যের বার্তা, গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নেওয়ার প্রত্যয়।

রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।

এ ছাড়া মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি, থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে আয়োজকেরা জানান।