স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী: ভূমিমন্ত্রী

সমন্বয়ের মাধ্যমে মেয়র, কাউন্সিলর ও ইউপি পদে একজন করে প্রার্থী দেওয়ার কথা জানালেন ভূমিমন্ত্রী মিনু

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রতিটি পদে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী বলেন, বিএনপি বড় দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক নেতা প্রার্থী হতে আগ্রহী। তবে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রতিটি পদে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের মেয়র, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে একজন করে প্রার্থী দেওয়া হবে। একইভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদেও একক প্রার্থী নিশ্চিত করা হবে। এটি দলীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী করা হবে।

মিজানুর রহমান মিনু আরও বলেন, কেউ মব সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিদস্যুদের দখলে থাকা সব জমি উদ্ধার করে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহীর সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশাসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।