জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন

টুইট ডেস্ক: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে তিনি তাঁদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই আগারগাঁওয়ের জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সেখানে জড়ো হন। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

দলীয় নেতারা বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শনকে সামনে রেখে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।