নগরীর সড়কদ্বীপে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম নিয়মিত ও যথাযথভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরীর সড়কদ্বীপে গাছের পরিচর্যা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৩১ আগস্ট) নগরীর বিভিন্ন সড়কের সড়কদ্বীপে চলমান এসব কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ শাখার কর্মীরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সড়কদ্বীপের গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার ও আবর্জনা অপসারণে কাজ করছিলেন।

হঠাৎ করে চলমান কার্যক্রম পরিদর্শনে গিয়ে প্রশাসক কর্মীদের কাজের অগ্রগতি দেখেন এবং নগরীর সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় মো. মাহফুজুর রহমান রিটন নগরীর সৌন্দর্য ও পরিবেশ সুরক্ষায় সড়কদ্বীপের গাছগুলো নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আগাছা পরিষ্কার, আবর্জনা অপসারণসহ পরিচ্ছন্নতা কার্যক্রম যথাযথভাবে অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্মীদের নির্দেশনা দেন।

তিনি বলেন, পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে নিয়মিত পরিচর্যার কোনো বিকল্প নেই। সড়কদ্বীপের গাছপালা শুধু নগরীর সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এসব কার্যক্রমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

রাসিক প্রশাসকের আকস্মিক পরিদর্শনে পরিবেশ শাখার চলমান কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।