শেষ হলো সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট

৪–১ গোলে কিংস অব বনরুপার শিরোপা জয়, শেষ হলো সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট। বিভিন্ন সম্প্রদায়ের অংশগ্রহণে ১০ দিনের আয়োজন; খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারের উদ্যোগ।

বান্দরবান প্রতি‌নি‌ধি: সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে শেষ হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’। উত্তেজনাপূর্ণ ফাইনালে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাবকে ৪–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব বনরুপা। রানার্সআপ হয়েছে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। শেষ পর্যন্ত গোলের ব্যবধান গড়ে বড় জয় তুলে নেয় কিংস অব বনরুপা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন তুষার এবং বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজহারুল ইসলাম বাবুল।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কিংস অব বনরুপা এবং রানার্সআপ হয়েছে জামছড়ি ইউনিয়ন একতা স্পোর্টিং ক্লাব।

ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন কিংস অব বনরুপার জাফর ইকবাল। সেরা গোলরক্ষক হয়েছেন একই দলের সৈকত। সেরা গোলদাতা হয়েছেন ৫ নম্বর ওয়ার্ডের মং শৈ। সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন কিংস অব বনরুপার জাফর ইকবাল। আর টুর্নামেন্টের সুশৃঙ্খল দল নির্বাচিত হয়েছে শ্যারণপাড়া ইয়ং স্পোর্টিং ক্লাব।

আয়োজকরা জানান, বান্দরবানের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

গত ২১ আগস্ট বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন রশীদ টুর্নামেন্টটির উদ্বোধন করেন। টানা ১০ দিনের এ আয়োজনে জেলার বিভিন্ন সম্প্রদায়ের দল অংশ নেয়।

আয়োজকদের ভাষ্য, জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সামাজিক বন্ধন জোরদারে ভূমিকা রাখবে। একই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ আরও শক্তিশালী হবে।

‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং বৈচিত্র্যময় বান্দরবানে সামাজিক সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।